Bengal Liberty
প্রথম দিন প্রায় ১০ ঘণ্টা, দ্বিতীয় দিনেও টানা প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ (Sumit Roy)। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় দু’দিনের জেরা শেষে রবিবার সন্ধ্যায় ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তবে জিজ্ঞাসাবাদ এখানেই শেষ হচ্ছে না। সোমবার ফের সিআইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সোমবার ফের হাজিরা Sumit Roy
শনিবার প্রায় ১০ ঘণ্টা ধরে সিআইডি আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার পর রবিবারও প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয় সুমিতকে। সন্ধ্যা ৬টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে আসতেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়েন তিনি। এতদিন কোথায় ছিলেন এবং কেন প্রকাশ্যে আসেননি, তা জানতে চাওয়া হলে সংক্ষিপ্ত জবাবে সুমিত বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশমতোই সব করছি। আশপাশেই ছিলাম।” এর বেশি কিছু বলতে চাননি তিনি।

প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন সুমিত। তাঁর বক্তব্য, “সব অভিযোগ ভিত্তিহীন। এমন কিছু নয়।”
আরও খবর

তবে সিআইডি সূত্রে খবর, তদন্তকারীরা তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন। শালবনির মামলার পাশাপাশি ডেবরার জমি দুর্নীতির একটি মামলাতেও সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। সেই কারণেই সোমবার ফের ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে তাঁকে। দু’দিনের দীর্ঘ জেরা শেষ হলেও সুমিত রায়কে ঘিরে তদন্তের পরিধি আরও বাড়ছে। সোমবারের জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।


