Gaza Starvation
Bengal Liberty: ‘‘গাজাবাসীর অনাহার ইসরায়েলকে নিরাপদ করবে না’’― মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “গাজার মানুষকে অনাহারে রাখা ইসরায়েলকে নিরাপদ করবে না। এমনকি জিম্মিদের মুক্তিতেও কোনও সাহায্য করবে না। এটা এমন এক বিপর্যয়, যা ইসরায়েল রোধ করতে পারত এবং এখনও থামাতে পারে।”

৭০০ দিন ধরে গাজা উপত্যকা ধ্বংস করছে ইজরায়েল (Gaza Starvation)
৭০০ দিনের যুদ্ধে লক্ষ-লক্ষ গাজাবাসী ঘরছাড়া। অনাহার, অপুষ্টি বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনায় উদ্বিগ্ন WHO।
টেড্রোস স্পষ্টভাবে জানিয়ে দেন, বেসামরিক নাগরিকদের অনাহারে রাখা এক ধরনের যুদ্ধাপরাধ। এটা সহ্য করা যায় না। ইসরায়েলকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি ইসরায়েল তা না-ও করে, তবে সংশ্লিষ্ট দেশটির মিত্রদের উচিত প্রভাব খাটিয়ে এই অমানবিক যুদ্ধ বন্ধ করা।”
গত এক সপ্তাহে ইসরায়েলের বিমান হানায় গাজা ভয়াবহভাবে বিপর্যয়ের মুখে পড়েছে। WHO প্রধানের তথ্য অনুযায়ী, গাজার কিছু অংশে ইতিমধ্যেই দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে অন্তত ৩৭০ জন অনাহারে মারা গিয়েছেন বলে খবর। গত দু’মাসের পরিসংখ্যান মোতাবেক, অনাহারে ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই তথ্য পেশের পর টেড্রোস বলেন, ‘‘যেখানে ক্ষুধা এবং অনাহার, সেখানে রোগ ছড়াতে বেশি সময় লাগে না।”
