Kakuma refugee camp
Bengal Liberty: খাদ্য, পানীয় জলের সংকটকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ। আর সেই জনরোষ স্তব্ধ করতে পুলিশের গুলি। ঘটনাটি ঘটেছে কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাকুমা শরণার্থী শিবিরে। ঘটনাটি গত সোমবারের। তবে, এর জেরে এখনও পরিস্থিতি উত্তপ্ত।

কী ঘটেছিল? (Kakuma refugee camp)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সরাসরি গুলি চালায়। শিবিরের বাসিন্দাদের অভিযোগ, পরিস্থিতি দিন-দিন অবনতির দিকে যাচ্ছে। অনেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে ভুগছেন। মার্কিন সংস্থা USAID–এর তহবিল কাটছাঁটের ফলে কেনিয়ায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যার প্রভাব সরাসরি পড়েছে কাকুমার মতো শরণার্থী শিবিরে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরগুলোর মধ্যে অন্যতম কাকুমা। এখানে প্রায় ২ লক্ষ শরণার্থী বসবাস করেন। এদের বেশিরভাগই পার্শ্ববর্তী দক্ষিণ সুদান, ইথিওপিয়া এবং সোমালিয়া থেকে আগত।
ঘটনার রেশ এখনও অব্যাহত। শরণার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন― ‘হাসপাতালে ওষুধ নেই। কর্মীরা বেতন পাচ্ছেন না। স্কুল ফি বাড়ছে। আমরা ক্লান্ত।’
এদিকে, তহবিলের ঘাটতির কারণে শুধু খাদ্য সংকটই নয়, শিবিরের ভেতরে নিরাপত্তাহীনতাও ক্রমে বেড়ছে। বিকল্প অর্থায়ন না-হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
