Modi Putin meeting
Bengal Liberty: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Modi Putin meeting)।পুতিনের দু’দিনের ভারত সফরের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে কী অবস্থান হতে চলেছে দিল্লির, তা নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন। এই আবহে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল সাউথ ব্লক। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধের আবহে ভারত মোটেই নিরপেক্ষ নয়। বরং শান্তির পক্ষে। সেই সঙ্গে রাষ্ট্রনেতা পুতিনের ভূয়সী প্রশংসা করেছেন ‘মিত্র’ মোদি। পুতিনের পাশে বসে প্রধানমন্ত্রীর বার্তা, কেবলমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের বিকাশ সম্ভব।
মোদির বক্তব্য (Modi Putin meeting)
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে মোদি-পুতিনের। নানা আন্তর্জাতিক ফোরামে সাক্ষাৎও হয়েছে। রাশিয়া সফরেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে এই দীর্ঘ সময় ধরে ভারতের অবস্থান এতোটুকুও বদলায়নি। মোদি এবং ভারতের অন্যান্য প্রতিনিধি সাফ জানিয়েছেন, নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে ভারত। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মেটাক দু’পক্ষ। শুক্রবার হায়দরাবাদ হাউসের বৈঠকে সেই কথাই আবারও রুশ প্রেসিডেন্টকে মনে করিয়ে দিলেন মোদি।

চলতি বছরের শুরুতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের যে অবস্থান সামনে রেখেছিলেন মোদি, শুক্রবার পুতিনের ভারত সফরের সময়ে তাতেই অনড় থাকলেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম থেকেই দিল্লি জানিয়ে এসেছিল, ভারত শান্তির পক্ষে।
পুতিনের বক্তব্য (Modi Putin meeting)
অপরদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে এদিন মুখ খুলেছেন পুতিনও। শুক্রবার রুশ প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেনে যা ঘটছে সেই নিয়ে আমেরিকা-সহ অনেকের সঙ্গেই আলোচনা চলছে। শান্তি প্রস্তাবের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী যেভাবে ইউক্রেন সমস্যার দিকে নজর রেখেছেন সেটা সত্যিই প্রশংসনীয়।” ইউক্রেন যুদ্ধ ছাড়াও আরও নানা ইস্যুতে আলোচনা হয় শুক্রবারের বৈঠকে।
সব মিলিয়ে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান দেখার জন্য মুখিয়ে ছিল গোটা রাষ্ট্র। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোদির এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি আন্তর্জাতিক মহলের।
