Arjun Singh
Bengal Liberty
পুজোর আগে শহর ও শহরতলির যানজট কমাতে বড় উদ্যোগ নিল রাজ্যের পরিবহণ দফতর (Arjun Singh)। সড়কপথের ওপর চাপ কমিয়ে যাত্রীদের দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত করতে ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চালু করা হচ্ছে ওয়াটার ট্যাক্সি। পাশাপাশি, দূরপাল্লার জলযান বা ভেসেল পরিষেবাও শুরু করার পরিকল্পনা রয়েছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের বক্তব্য, জলপথ পরিবহণের উন্নয়ন ছাড়া সড়কপথের যানজট কমানো সম্ভব নয়।

শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে ৬৮তম খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী। সেখানেই তিনি জানান, ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং মেটিয়াবুরুজ পর্যন্ত ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং সড়কপথের যানজট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ওয়াটার ট্যাক্সির পাশাপাশি দূরপাল্লার ভেসেল পরিষেবাও চালু করা হবে, যাতে রাজ্যের জলপথ পরিবহণ ব্যবস্থা আরও কার্যকর হয়ে ওঠে।

পুজোর আগেই নামছে নতুন সরকারি বাস! Arjun Singh
বর্তমানে কলকাতা ও সংলগ্ন এলাকার ব্যস্ত রাস্তাগুলিতে যানজট নিত্যদিনের সমস্যা। অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ—প্রতিদিনই বহু মানুষকে দীর্ঘ সময় ট্রাফিকে আটকে থাকতে হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি জলপথকেও বিকল্প পরিবহণ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মেটিয়াবুরুজ, ব্যারাকপুর, বাবুঘাট, হাওড়া, বালি ও বেলুড় মঠ-সহ একাধিক রুটে ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পরিবহণমন্ত্রীর দাবি, খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিংহ জানান, এটি শুধুমাত্র পুজোর উপহার নয়, বরং সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, পুজোর আগেই রাজ্যে ৫০০টি নতুন সরকারি বাস রাস্তায় নামবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে আরও ১,০০০টি বাস চালু করা হবে। ফলে আগামী মার্চের মধ্যে মোট ১,৫০০টি নতুন সরকারি বাস রাজ্যের পরিবহণ ব্যবস্থায় যুক্ত হবে।

শহরের ট্রাফিক ব্যবস্থাকে যানজটমুক্ত করতে বদ্ধপরিকর পরিবহণমন্ত্রী। বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সরকারি বাসগুলি পুনর্বার চালুর কথা ভাবছে বর্তমান সরকার। পাশাপাশি, সড়কপথের ওপর চাপ কমাতে জলপথ ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার।

