shivraj patil
Bengal Liberty: ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা শিবরাজ পাটিল। শুক্রবার মহারাষ্ট্রের লাতুরে নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর। পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। এর মধ্যে অন্যতম লোকসভার স্পিকারের পদ।
১৯৩৫ সালের ১২ অক্টোবর লাতুরের চাকুর অঞ্চলে জন্মগ্রহণ করেন শিবরাজ পাটিল। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার ১০ম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংসদীয় অধিবেশনের সম্প্রচার, প্রযুক্তির প্রয়োগ এবং সংসদ গ্রন্থাগার ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
তিনি ১৯৮০-৮২ সালে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, ১৯৮২-৮৩ সালে বাণিজ্যমন্ত্রী এবং রাজীব গান্ধী সরকারের সময়ে পার্সোনেল, প্রতিরক্ষা উৎপাদন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রকের দায়িত্বে ছিলেন।
মুম্বই হামলার পর নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ পাটিল (Shivraj Patil passes away)
তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৬৭ সালে লাতুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। ১৯৭২ এবং ১৯৭৮ সালে দু’বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। এরপর লাতুর লোকসভা কেন্দ্র থেকে পরপর সাতবার জয়ী হন তিনি (১৯৮০, ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে)।
২০০৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি। তবে ২০০৮ সালে মুম্বই হামলার (২৬/১১) পর নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে ৩০ নভেম্বর পদত্যাগ করেন পাটিল। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

