CV Ananda Bose
Bengal Liberty: গতকাল, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান বেনজির বিশৃঙ্খলা এবং নেতা, মন্ত্রী, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের ও বিশেষ কর্তাদের অহেতুক ভিড়ের কারণে পণ্ড হয়ে যায়। হাজার হাজার মানুষের ফুটবলের ভগবান মেসিকে এক ঝলক দেখার আশা-স্বপ্ন নিমেষেই ছারখার হয়ে যায়। এরপরই গোটা বিষয় সরজমিনে খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেননি তিনি। স্টেডিয়ামে ঢোকার মুখে আটকে দেওয়া হয় তাঁকে। রাজ্যপাল বোসের মতে, তাঁর সঙ্গে হওয়া এহেন আচরণ সাংবিধানিক পদের প্রতি অপমান। ঘটনার কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন রাজ্যপাল।
ক্ষুব্ধ রাজ্যপাল (C.V ananda Bose)
স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যপাল বোস বলেন, “ঘটনাস্থল চাক্ষুস না করে আমি কখনও রিপোর্ট লিখি না, আমার রিপোর্ট অর্ধেক তৈরি। গ্রাউন্ড জিরোতে কী ঘটেছে তা আমি নিজে দেখতে চাই।”
তিনি প্রশ্ন তোলেন, কীভাবে রাজ্যপালের সঙ্গে এই ব্যবহার করা হয়? এই আচরণকে তিনি “একটি সাংবিধানিকভাবে কর্তৃপক্ষ পদের ভয়াবহ অপ্রাসঙ্গিকতা” বলে অভিহিত করেছেন।
রাজ্যপাল জানান, রবিবার তিনি আবারও স্টেডিয়াম পরিদর্শনে যাবেন। তাঁর দাবি, “যদি সত্যটা রাজ্যপালের থেকে লুকিয়ে রাখার কথা ভাবা হয়, তবে এটি হয়তো হিমশৈলের চূড়া মাত্র। আমি বিষয়টি অনুসন্ধান করব এবং সত্য খুঁজে বার করে আনব।”
ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তাঁর তৈরি করা রিপোর্টে সাধারণ মানুষের কথাও উল্লেখ থাকবে বলেও জানিয়েছেন রাজ্যপাল।
