Sanjukt Morcha wins in Madrasah Vote
Bengal Liberty: বিধানসভা ভোটের আগেই প্রতিটি আসন হাতছাড়া শাসকদলের। বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে শাসক দলকে ৬ টি আসনেই হারাল সংযুক্ত মোর্চা (Sanjukt Morcha wins in Madrasah Vote)। ভোটের ফলাফলে সংযুক্ত মোর্চা-৬ এবং তৃণমূল-০। বিধানসভা ভোটের আগে বড়সড় ধাক্কা শাসক শিবিরে।
উল্লেখ্য, রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেখানে তৃণমূলের এই হার সাহস জুগিয়েছে সংযুক্ত মোর্চার নেতা কর্মীদের।
আসন্ন ২৬ এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে সব মহলেই। ১ ইঞ্চি মাটি ছাড়তে নারাজ প্রতিটি রাজনৈতিক দল। সেই আবহেই হাই মাদ্রাসার এই নির্বাচনে সংযুক্ত মোর্চার জয় ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই জয় তাঁদের মনে নতুন করে বিশ্বাস ও সাহস জুগিয়েছে বলেই জানাচ্ছেন তাঁরা।
এই জয়ের পর সংযুক্ত মোর্চার প্রার্থী হবিবুর রহমান জানান, ২৬ নির্বাচনের ভালো ফলের নমুনা হাই মাদ্রাসার নির্বাচন দেখিয়ে দিল। তিনি আরও জানান
“ছ’টি আসনের মধ্যে ছ’টি আসনই আমরা জিতেছি। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন কি না তার প্রমাণও আমরা পেয়ে গেলাম। বিরোধীদের সব চক্রান্ত উপেক্ষা করে আমরা আজ এই নির্বাচনে জয়ী হয়েছি।” কর্মী সমর্থকদের পাশে নিয়ে আগামী দিনে আরও ভালো ফলের আশা রাখছেন সংযুক্ত মোর্চার জয়ী প্রার্থী।
আর এক সংযুক্ত মোর্চার প্রার্থী শফিকুল সর্দার বলেন, “এ রাজ্যের মাটিতে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোটের উপর এলাকার মানুষজন ভরসা রেখেছেন। স্বাভাবিক ভাবে ২০২৬-এর আগে এটা আমাদের কাছে বড় অক্সিজেন বলেই মনে করছি আমরা।” তিনিও জানান আসন্ন নির্বাচনের উৎসাহ এই জয়ের দ্বারাই নিশ্চিত হয়েছে অনেকাংশে। এই জোট রাজ্যের মাটিতে আরও ভাল ফল করবে বলে আশাবাদী তিনি। এছাড়া এই জয়ের জন্য তিনি বিশেষত বলেন, গত কয়েক দিন ধরে নানা হুমকি, পরিবেশ-পরিস্থিতি, বাধা বিপত্তি সামলেছে দলের কর্মী সমর্থকরা। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল এই জয়। শুধু জয়ী প্রার্থীরা নন স্বরূপনগরের সংযুক্ত মোর্চার নেতা কর্মীরা আশাবাদী ভবিষ্যতে তাঁরা আরও বড় জয় পাবেন।
