Abhishek Banner (Mamata Abhishek Banner)
দিয়া জানা, Bengal Liberty: ব্যানার, হোডিংয়ের আগ্রাসন সারা রাজ্য জুড়ে অব্যাহত। পুজোর সময় পণ্যের বিজ্ঞাপন। এবং, পুজো কাটতেই রাজ্যজুড়ে রাজনৈতিক এবং সরকারি প্রকল্পের বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে কলকাতা। তিলোত্তমার সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ব্যানার-হোডিং কি আদৌ কোনওভাবে সহায়ক ভূমিকা পালন করে?
ইদানিং ভোটমুখী বাংলায় মমতার প্রকল্পের ব্যানারের পাশাপাশি তৃণমূলের নতুন-নতুন স্লোগান লেখা ব্যানারের দেখা মিলছে। উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে নিউটন, সর্বত্রই একই দৃশ্য। সম্প্রতি, নিউটাউনে সেঁটে দেওয়া দুর্গাঙ্গন সংক্রান্ত ব্যানার দেখা যাচ্ছে মমতার বড় মুখ। আবার ভবানীপুরের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালীর ব্যানার। বলা যেতে পারে, এসবের মাঝে কলকাতার মুখ ঢেকে যাচ্ছে।

এই সম্পাদকীয় লিখতে গিয়ে মমতা-অভিষেকের ব্যানার যুদ্ধও আমার চোখে পড়ল। দৃশ্য দূষণ যেমন আছে, তেমনই দেখা মিলছে, পিসি-ভাইপোর ব্যানার সংঘাত! এতে শহরে আরও বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক ব্যানারের সংখ্যা।
ব্যানার বনাম ব্যানারের লড়াইয়ে কোথাও যেন কোণঠাসা হচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বছর প্রকল্পের ব্যানারে জায়গা করতে পারলেও ভোট মুখী বাংলায় অভিষেকের ব্যানার পিছিয়ে দিচ্ছে দিদিকে।
এই ব্যানারগুলো আবার সমাজ মাধ্যমেও বিশাল ভাইরাল। শুধুমাত্র চোখে পড়ছে অভিষেকের ডিজিটাল যোদ্ধা, অভিষেকের উন্নয়নের পাঁচালী। তার মাঝে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? শুধুমাত্র দুর্গাঙ্গনের ছবিতে ভোটের বৈতরণী কি পেরোতে পারবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী? নাকি আদি-নব্যের দ্বন্দ্ব ঠেকাতেই ‘হোম ওয়ার্কে’ মন দেবেন মমতা?
