Sraboni Banik
Bengal Liberty: বছরের শেষের দিকে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করার পর চিরঘুমে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক (Sraboni Banik)। সোমবার সকাল ৯টার দিকে রাজারহাটের ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শ্রাবণীর পরিবার জানিয়েছে, শেষ কয়েক সপ্তাহে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছিল। তাই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তবে শেষ রক্ষা আর হল না, মারণরোগের কাছে হেরে পরলোকগমন করলেন অভিনেত্রী শ্রাবণী বণিক (Sraboni Banik)।
ছোটপর্দা থেকে বড়পর্দা নাটকের মঞ্চ হোক বা ধারাবাহিক সিরিয়াল সর্বত্র তার অভিনয় দর্শক মুগ্ধ করেছে। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’, ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকগুলোতে শ্রাবণীর উপস্থিতি অবিস্মরণীয়। বড়পর্দায় তিনি নজর কেড়েছেন ‘আলো’ এবং ‘চাঁদের বাড়ি’ ছবিতে। তবে জনপ্রিয়তার সঙ্গে অভিনেত্রী আর্থিকভাবে সুরক্ষিত ছিলেন না। মাস খানেক আগে, তার ছেলে অচ্যুত আর্দশ সামাজিক মাধ্যমে মায়ের ব্যয়বহুল ক্যানসার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকার প্রয়োজন, এবং সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছিলেন।
টলিপাড়ায় শোকের ছায়া (Sraboni Banik)
শ্রাবণীর মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া নেমেছে। পরিচালক বাবু বণিক শোকবার্তায় বলেছেন, “কিছু পরিচয় কেবল কাজের সূত্রে হয়, কিন্তু শ্রাবণী আমাদের সঙ্গে সম্পর্ককে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যা কাজের সীমা ছাড়িয়ে যায়। চিরকাল কেউ থাকে না, কিন্তু তার এত দ্রুত চলে যাওয়া বিশ্বাস করা যায় না। আমি তার আত্মার শান্তি কামনা করি।”
শ্রাবণী বণিকের (Sraboni Banik) অভিনয়, ব্যক্তিত্ব এবং তার সংগ্রাম সবই টলিপাড়ার জন্য অমলিন স্মৃতি হয়ে থাকবে। তার অবদান মনে করিয়ে দিচ্ছে, একজন শিল্পীর প্রতিভা শুধু পর্দায় নয়, মানুষের মনে চিরকাল বেঁচে থাকে।
