RG Kar Medical College Death
Bengal Liberty Desk, ২০ মার্চ, কলকাতা: ভোটের আগে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরজি কর। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। একদিকে প্রশাসনিক ব্যর্থতা স্বীকার করলেন শাসকদলের বিদায়ী বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও সদস্য অতীন ঘোষ, অন্যদিকে বিরোধীদের অভিযোগ- এটি নিছক দুর্ঘটনা নয়, চরম গাফিলতির ফল। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা।
কী ঘটনা (RG Kar Hospital Lift Death)?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজ, শুক্রবার ভোরে লিফটে আটকে পড়ে মৃত্যু হয় ৪০ বছর বয়সি অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি ট্রমা কেয়ার সেন্টারের পাঁচতলায় চিকিৎসাধীন তাঁর চার বছরের ছেলেকে দেখতে যাওয়ার সময় লিফট বিকল হয়ে ভিতরে আটকে পড়েন। পরে বেসমেন্টে দাঁড়িয়ে থাকা লিফটের ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভও দেখান মৃতের পরিজনেরা। পুলিশ তদন্ত শুরু করেছে, যান্ত্রিক ত্রুটি না রক্ষণাবেক্ষণের গাফিলতি, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনিক ব্যর্থতা মানলেন অতীন ঘোষ (RG Kar Hospital Lift Death)
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ বলেন, “এই ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতা অস্বীকার করার উপায় নেই।” তিনি জানান, আগামী সোমবার রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক ডাকা হবে এবং প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হবে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন তিনি।
‘দুর্ঘটনা নয়, গাফিলতির ফল’- সরব শুভেন্দু অধিকারী (RG Kar Hospital Lift Death)
অন্যদিকে, নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে সরাসরি প্রশাসনিক উদাসীনতার ফল বলে দাবি করেছেন নিজের এক্স হ্যান্ডলে। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় লিফটে আটকে থাকার পরও কোনও জরুরি উদ্ধার ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবহেলার কারণেই আতঙ্ক ও মানসিক চাপে অরূপবাবুর মৃত্যু হয়েছে বলে মত শুভেন্দুর।
অভিশপ্ত আর.জি. কর!!!
রাজ্য প্রশাসনের পচে যাওয়া, জং ধরা কঙ্কালসার চেহারাটা আজ আর আড়ালে নেই, সম্পূর্ণ উন্মোচিত। আর জি কর মেডিক্যাল কলেজের আজকের মর্মান্তিক ঘটনা সেই নিষ্ঠুর বাস্তবতাকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
রাজ্যের এক সহনাগরিক অরূপ বন্দ্যোপাধ্যায় তাঁর সন্তানের ভাঙা… pic.twitter.com/rvchI2VDj6— Suvendu Adhikari (@SuvenduWB) March 20, 2026
তিনি আরও বলেন, “এটি নিছক দুর্ঘটনা নয়, বরং অনিচ্ছাকৃত খুনের শামিল। লিফট মেরামতির কাজ চলার পরও তা ব্যবহারের জন্য খোলা রাখা হয়েছিল কেন? সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে এফআইআর ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান শুভেন্দু অধিকারী।
নিজের এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, “আর কত নিরীহ মানুষের প্রাণ গেলে এই নির্বিকার, অযোগ্য প্রশাসনের চেতনা হবে? এই জরাজীর্ণ, দুর্নীতিগ্রস্ত ও ব্যর্থ প্রশাসনকে সরিয়ে নতুন, দায়িত্বশীল সরকারের প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি।”
আরও পড়ুন-
RG Kar Hospital: লিফটে মৃত্যু! ছেলেকে দেখতে এসে আরজি করেই মৃত্যু হল বাবা
Panihati BJP Candidate : আরজি করের ঘটনার ন্যায়বিচারের দাবিতে এবার রাজনীতির ময়দানে নিহত চিকিৎসকের মা
ময়নাতদন্তের রিপোর্টে কী উল্লেখ (RG Kar Hospital Lift Death)?

ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, মৃতের দেহে একাধিক চোট আঘাত ছিল। রিপোর্টে বলা হয়েছে, হৃদপিন্ড, ফুসফুস, প্লীহা ফেটে গিয়েছিল মৃতের। পাঁজরের সমস্ত হাড় ভেঙে গিয়েছিল, ভাঙা ছিল হাত ও পায়ের হাড়ও। অন্ত্রও ফেটে গিয়েছিল মৃতের। দেহের ভিতর রক্তক্ষরণ হয়েছিল। তবে কীভাবে এতটা আঘাত লাগল, মৃত্যুর সঠিক কারণ কী, তা নিয়ে তদন্ত চলছে।
