TMC election campaign
Bengal Liberty, kolkata:
আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(TMC election campaign)। এই জনসভা থেকে একদিকে যেমন বড় ব্যবধানে জয়ের টার্গেট দিলেন, তেমনই একগুচ্ছ পুরোনো ও নতুন প্রতিশ্রুতির ডালি সাজিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করলেন অভিষেক। বলাই বাহুল্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয়ের অভিযোগে যখন শাসক দল কোণঠাসা, তখন এই ধরনের প্রতিজ্ঞা মূলত ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টা।

জয়ের টার্গেট ও একগুচ্ছ প্রতিশ্রুতি
গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জিতেছিল প্রায় ২২ হাজার ভোটে। এবার সেই ব্যবধান প্রায় দ্বিগুণ করে ৪০ হাজার করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক। সভা থেকে তিনি পাঁচটি মূল প্রতিশ্রুতির কথা জানান- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রাখা, আবাস যোজনার পাকা বাড়ি নিশ্চিত করা, দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া, প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ, বার্ধক্যভাতা নিশ্চিত করা।
এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, ফের ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে। তবে প্রশ্ন থাকছেই, যেখানে রাজ্যের কোষাগারের অবস্থা শোচনীয় এবং ঋণের বোঝা বাড়ছে, সেখানে এত বিপুল অঙ্কের বাজেটের ঘোষণা কতটা বাস্তবসম্মত।

বিজেপিকে আক্রমণ
এদিন সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। বিরোধী দলকে যাতে ৫০ হাজারের বেশি ভোট না দেওয়া হয়, সেই বার্তাও দেন তিনি। যদিও গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আসলে হারের ভয়েই এখন বড় বড় ব্যবধানের কথা বলে কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছে। ৩০ হাজার কোটির কৃষি বাজেট বা নতুন বার্ধক্যভাতার প্রতিশ্রুতি কি আদৌ ব্যালট বক্সে ম্যাজিক দেখাবে, নাকি সবটাই ‘ভোটের প্রতিশ্রুতি’ হিসেবে থেকে যাবে? তা সময়ই বলবে।
