Rahul Arunoday Banerjee Death
Bengal Liberty Desk, Kolkata:
ফের টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। শুটিং করতে গিয়ে দিঘার তালসারিতে দুর্ঘটনার শিকার হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে( Rahul Arunoday Banerjee Death)।
রবিবার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিংয়ের জন্য ইউনিট নিয়ে তালসারিতে গিয়েছিলেন অভিনেতা। সূত্রের দাবি, শুটিংয়ের এক পর্যায়ে তিনি জলে নামেন। সেই সময় আচমকাই তলিয়ে যান তিনি। দ্রুত পরিস্থিতি বুঝে ইউনিটের সদস্যরা তাঁকে জল থেকে তুলে আনেন।
উদ্ধারের পর দ্রুত তাঁকে দিঘার হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে শোনা যাচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক অনুমান, জলে ডুবে যাওয়াই এই মৃত্যুর কারণ।

সহ-অভিনেতার প্রতিক্রিয়া
ধারাবাহিকে তাঁর সঙ্গে কাজ করা ভাস্কর ব্যানার্জী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। তাঁর কথায়, সকলে যখন মধ্যাহ্নভোজে ব্যস্ত, তখন রাহুল আরও কিছু শট দিতে গিয়েছিলেন। হঠাৎ এমন ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। তিনি বলেন, “একজন সম্পূর্ণ সুস্থ মানুষ এভাবে চলে গেলেন—এটা মেনে নেওয়া কঠিন।”

পুরো ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তের পরেই সামনে আসবে বিস্তারিত তথ্য। তবে এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ টলিউড ও তাঁর অনুরাগীরা।
এই ঘটনার আপডেট ও নির্ভরযোগ্য তথ্য পেতে নজর রাখুন Bengal Liberty-তে।
