TVK party election
Bengal liberty desk, ২৯ মার্চ :
রুপোলি পর্দার পর এবার রাজনীতির ময়দানেও ‘মাস্টারস্ট্রোক’ দিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় (TVK party election)। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি একটি নয়, বরং দু’টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রবিবার নিজের দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (TVK) এর প্রার্থীতালিকা ঘোষণা করতে গিয়ে এই বড় চমক দিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়।

বিজয় লড়বেন দুই কেন্দ্রে TVK party election
রবিবার দলের বৈঠকে বিজয় জানান, তিনি চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি ইস্ট – এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। নিজের রাজনৈতিক পরিচিতি ‘সি জোসেফ বিজয়’ নামেই নির্বাচনী লড়াইয়ে নামছেন তিনি। উত্তর ও দক্ষিণ তামিলনাড়ুর ভোটারদের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন বিজয়।

চতুর্মুখী লড়াইয়ের মুখে তামিলনাড়ু
আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে এক দফায় ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচন শাসকদল ডিএমকে (DMK) এর সামনে বড় চ্যালেঞ্জ। একদিকে এআইএডিএমকে ও বিজেপির জোট শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে রামদোসের পিএমকে ও শশীকলার দলের জোট চতুর্থ ফ্রন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই পরিস্থিতিতে বিজয়ের ‘টিভিকে’ প্রথমবার নির্বাচনে লড়ে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।
তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার অভিনেতাদের দাপট দীর্ঘদিনের। এমজিআর বা জয়ললিতার উত্তরসূরী হিসেবে বিজয় নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারেন, তার উত্তর মিলবে ভোটের ফলেই। আপাতত ‘থলপতি’ বিজয়ের এই নির্বাচনী রণকৌশল নিয়ে উত্তাল দক্ষিণের রাজনীতি।
