Weather Forecast
Bengal Liberty, ২ এপ্রিল :
গত ২ দিনের তুলনায় হঠাৎ করেই অনেকটা বাড়তে চলেছে তাপমাত্রা (Weather Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হতে পারে তীব্র গরমের দাপট। তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতার প্রভাবেও বাড়বে অস্বস্তি, ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরম আরও কষ্টকর হয়ে উঠতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি কমে গিয়ে ধীরে ধীরে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া (Weather Forecast) তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া (Weather Forecast)
দক্ষিণবঙ্গে আগামী ৪ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে, সপ্তাহের শেষে তা প্রায় সর্বত্র ৩৮ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস।
এর সঙ্গে যুক্ত হচ্ছে উচ্চ আর্দ্রতার মাত্রা, উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশ এবং অন্যান্য জেলায় ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা। ফলে গরমের পাশাপাশি বাড়বে অস্বস্তিও।

আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় গরম ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। ৩ ও ৪ এপ্রিলও এই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। তবে ৫ এপ্রিল, রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় এক-দু’জায়গায় হালকা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাজ্যের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Forecast)
উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ার প্রবণতা স্পষ্ট হলেও, আবহাওয়ার চরিত্র দক্ষিণের তুলনায় কিছুটা আলাদা। ২ এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, যদিও বিচ্ছিন্নভাবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা বাড়লেও, মাঝে মধ্যে ঝড়বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গের বাসিন্দাদের।
