actor quits serial
Bengal liberty desk, কলকাতা:
গত ২৯ মার্চ তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু টলিউডকে স্তব্ধ করে দিয়েছে actor quits serial। এই ঘটনার আট দিন পর অবশেষে মুখ খুললেন রাহুলের পর্দার ‘বাবা’ তথা ঘনিষ্ঠ সহ-অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। শোক আর ট্রমার আবহে এক বড় সিদ্ধান্ত নিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার আর কোনও ধারাবাহিকে তিনি কাজ করবেন না।

কেন অন্তরালে ছিলেন অম্বরীশ?
রাহুলের শেষকৃত্য বা টলিউডের প্রতিবাদ মিছিলে অম্বরীশকে না দেখে সমাজমাধ্যমে নানা গুঞ্জন শুরু হয়েছিল। অনেকেই তাঁকে ‘অসংবেদনশীল’ বলে কটাক্ষ করেছিলেন। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “রাহুলের নিথর দেহ দেখার মতো মানসিক জোর আমার ছিল না। ওখানে গেলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়তাম। প্রিয়াঙ্কা বা ছোট্ট সহজের মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার ছিল না।” তিনি আরও জানান, ঘটনার দিন তাঁর প্যাক-আপ হয়ে গিয়েছিল দুপুর তিনটেয়। কোলাঘাট ছাড়ানোর পর তিনি এই দুঃসংবাদ পান।

প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন:
রাহুলের মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপত্তার অভাব বোধ করায় অম্বরীশ ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, তিনি তাঁদের বর্তমান দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ এবং ‘চিরসখা’ থেকে সরে দাঁড়াচ্ছেন। অম্বরীশের কথায়, “যে স্টুডিওর করিডোরে রাহুলের স্মৃতি ছড়িয়ে আছে, যেখানে ও কুকুরকে বিস্কুট খাওয়াত, সেখানে গিয়ে শুটিং করা আমার পক্ষে অসম্ভব। আগামী ১০ বছর হয়তো আমি ওই স্টুডিওতে পা রাখতে পারব না।”
নিরাপত্তা নিয়ে সরব অভিনেতা:
অম্বরীশ অভিযোগ করেন, প্রযোজনা সংস্থার আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল। শোকের এক সপ্তাহ কাটতে না কাটতেই ধারাবাহিকের নতুন সিজন ঘোষণা করাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেন তিনি। অভিনেতা স্পষ্ট জানান, যতক্ষণ না সেটে কলাকুশলীদের জন্য পর্যাপ্ত সেফটি মেজার বা নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ তিনি কোনও শুটিং করবেন না। এতে তাঁর আর্থিক ক্ষতি হলেও তিনি পিছপা নন।
বিগত দুই মাস ধরে একই মেকআপ রুম শেয়ার করতেন তাঁরা। যাওয়ার আগের দিনও রাহুল তাঁকে একটি বই উপহার দিয়েছিলেন। অম্বরীশ বলেন, “রাহুল বলত আমাদের এপিসোড ১ লাখ হবে, আজ সেটা হয়েছে কিন্তু রাহুল নেই। এই সাফল্য এখন আমার কাছে অর্থহীন।” টলিউডে বর্তমানে যে কর্মবিরতি চলছে, তাকেও পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেতা।
