ED Raids
Bengal Liberty, ১০ এপ্রিল
বিধানসভা ভোটের আর মাত্র ২ সপ্তাহ বাকি, ঠিক এই সময়েই রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raids)। রেশন দুর্নীতি মামলার তদন্তে আজ, শুক্রবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় এই সংস্থা। ইডি সূত্রে জানা গেছে, কলকাতা, হাওড়া, বনগাঁ ও মুর্শিদাবাদ সহ মোট ১২টি জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার হন। তাকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক ব্যবসায়ীর নাম ইডির হাতে আসে। সেই সূত্রেই এদিনের তল্লাশি (ED Raids)।

লর্ড সিনহা রোডে তল্লাশি (ED Raids)
কলকাতার লর্ড সিনহা রোডে এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। তদন্তে উঠে এসেছে, ওই ব্যবসায়ীর সংস্থার সঙ্গে রেশন বণ্টন সংক্রান্ত লেনদেনের যোগ থাকতে পারে। কীভাবে রেশন সরবরাহ করা হত, কোন কোন এলাকায় তা পৌঁছত, এসব খুঁটিনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও শহরের পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক সংলগ্ন একাধিক জায়গাতেও চলছে তল্লাশি। ভোটের মুখে এই তৎপরতা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।

শিকড়ের সন্ধানে ভোটের মুখে সক্রিয় ইডি (ED Raids)
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে তাঁরা জামিনে মুক্তি পান, তবুও তদন্তের জট এখনো পুরোপুরি কাটেনি। তদন্তকারীদের দাবি, দুর্নীতির আসল শিকড় এখনও সম্পূর্ণ উন্মোচিত হয়নি। সেই কারণেই নতুন করে তথ্য ও প্রমাণের খোঁজে শুক্রবার ভোর থেকে একাধিক দলে ভাগ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। এই অভিযানের মূল লক্ষ্য, গোটা রেশন দুর্নীতির চক্রের গভীরে পৌঁছনো এবং লুকিয়ে থাকা তথ্য সামনে আনা।
