Weather update
Bengal Liberty, ১৪ এপ্রিল :
চৈত্র সংক্রান্তির পর নতুন বছরের শুরুতেই আবহাওয়া নিয়ে চিন্তার বার্তা দিল আলিপুর হাওয়া অফিস (Weather update)। আগাম পূর্বাভাস বলছে, আগামী মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টি হয়, কিন্তু এবার সেই ধারায় কিছুটা ব্যত্যয় ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে। বর্তমানে লা নিনা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ছে, যার ফলে এল নিনো তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। এই পরিবর্তনের প্রভাবেই বৃষ্টিপাত কমতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও, ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলছে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরপ্রদেশের উত্তর-পূর্বাংশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার, ১৪ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও আর্দ্রতার অস্বস্তি বাড়বে। আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৫ ও ১৬ এপ্রিল, বুধবার ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে অল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ১৮ ও ১৯ এপ্রিল অর্থাৎ শনিবার ও রবিবার সপ্তাহান্তে আবারও গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক, গরম ও আর্দ্র আবহাওয়া ফিরে আসবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলি- বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং – এই সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির মুখ দেখবে। বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবং পরবর্তীতে সেখানে গরম বাড়তে শুরু করবে।
