Polling Booth Guidelines
Bengal Liberty, ১৬ এপ্রিল :
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশনের নজরদারি (Polling Booth Guidelines)। কয়েকদিন আগেই বুথের লম্বা লাইন থেকে মুক্তি দিতে বুথের সংখ্যা বাড়িয়েছে কমিশন। এবার কমিশনের সিইও দফতরে বসানো হচ্ছে ১৮টি নতুন মনিটরিং স্ক্রিন, যার মাধ্যমে গোটা প্রক্রিয়ার উপর রাখা হবে নজর। একইসঙ্গে বুথের ভেতর শৃঙ্খলা বজায় রাখতে জারি হয়েছে কড়া নির্দেশিকা, একজন ভোটার ২ মিনিটের বেশি ইভিএমের সামনে থাকতে পারবেন না, বুথে একসঙ্গে প্রবেশের অনুমতি সর্বাধিক ৪ জনের। তার অন্যথা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন প্রিসাইডিং অফিসার। অর্থাৎ আসন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কোনওরকম ঢিলেমি রাখতে নারাজ কমিশন (Polling Booth Guidelines)।

আগেই বাড়ানো হয়েছিল বুথের সংখ্যা (Polling Booth Guidelines)
বুথের ভিড় কমাতে ও দ্রুত ভোটদান নিশ্চিত করতে ৪,৬৬০টি অতিরিক্ত সহায়ক বুথ (Auxiliary Polling Station) তৈরি করার অনুমতি দেয় নির্বাচন কমিশন। এর ফলে ২৯৪টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫,৩৭৯। কমিশন সূত্রে জানা গেছে যেসব বুথে ভোটারের সংখ্যা ১,২০০-এর বেশি, সেখানেই এই নতুন বুথ তৈরি করা হবে। পাশাপাশি ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ৩২১টি বুথের স্থানও বদল করা হচ্ছে।

আর কী কী সুবিধা থাকছে? (Polling Booth Guidelines)
ভোটারদের সুবিধা ও স্বচ্ছতা বাড়াতে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার ইভিএম-এ প্রার্থীদের নাম ও প্রতীকের পাশাপাশি থাকবে তাঁদের রঙিন ছবি। ফলে নিরক্ষর বা স্বল্প শিক্ষিত ভোটারদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করা অনেক সহজ হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে বুথ পিছু ভোটার সংখ্যা কমানোর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি।

ভোটকেন্দ্রে প্রবেশ নিয়েও থাকছে বিশেষ ব্যবস্থা। বয়স্ক ও অসুস্থ ভোটারদের কথা মাথায় রেখে সব বুথই করা হচ্ছে ভবনের একতলায়। প্রতিটি কেন্দ্রে শৌচালয়, পানীয় জল ও ছায়ার ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে। ৮৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা চাইলে বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ভোটের গোপনীয়তা রক্ষায় বুথের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভোটারদের সুবিধার জন্য বুথের বাইরে ফোন রাখার নিরাপদ ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছে কমিশন।
