Weather Alert
Bengal Liberty, ২৭ এপ্রিল :
আকাশে কালো মেঘের ঘনঘটা, সঙ্গে দমকা হাওয়ার দাপট-গরমে নাজেহাল বাংলার জন্য একদিকে স্বস্তির বার্তা, অন্যদিকে বাড়ছে দুর্যোগের আশঙ্কা (Weather Alert)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে সতর্কতা। তাই আজ বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিন একঝলকে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকেই ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষত বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্য জেলাগুলিতেও প্রায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।
এই পরিস্থিতির পেছনে কাজ করছে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। পাশাপাশি পূর্ব ভারতের উপর সক্রিয় রয়েছে শক্তিশালী উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম এবং একটি নিম্নচাপ অক্ষরেখা—যার জেরে বায়ুমণ্ডলে অস্থিরতা বাড়ছে এবং ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ দুর্যোগের ছবি স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্যও জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়া, ভূমিধসের আশঙ্কা এবং নদীর জলস্তর বৃদ্ধি-এই বিষয়গুলিও মাথায় রাখতে বলছে আবহাওয়া দফতর।
