Mahua Moitra
Bengal Liberty, ২৯ এপ্রিল:
দিল্লির মন্দির মার্গ সাইবার থানায় বিতর্কিত তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে (Mahua Moitra) লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, ভুয়ো ভিডিও পোস্ট করে আইপিএস আধিকারিক অজয় পাল শর্মার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে (Mahua Moitra)।

ভুয়ো ভিডিও পোষ্টের অভিযোগ সাংসদের বিরুদ্ধে (Mahua Moitra)
অভিযোগকারীর বক্তব্য, সংশ্লিষ্ট ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই ভিডিও শেয়ার করার মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা এবং নির্বাচনের আগে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এধরনের ঘটনার ফলে শুধু সংশ্লিষ্ট আধিকারিকের সম্মানহানিই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও দাবি করা হয়েছে অভিযোগপত্রে। অভিযোগে আরও বলা হয়েছে, ভিডিওটির উৎস খুঁজে বের করে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। পাশাপাশি যারা এই ভিডিও তৈরি ও ছড়িয়ে দিয়েছে, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সমাজমাধ্যম প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দ্রুত সরানোর দাবিও তোলা হয়েছে। অভিযোগপত্রে মহুয়া মৈত্রের একটি সমাজমাধ্যম পোস্টের লিঙ্কও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মহুয়া মৈত্র নিজেও এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, নির্বাচনের আগে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ছবি বা ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। এই ঘটনার পর সেই আশঙ্কা আরও জোরালো হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।
