Weather Alert
Bengal Liberty, ২৯ এপ্রিল :
দক্ষিণবঙ্গজুড়ে আজ সকাল থেকেই আবহাওয়ার মুখ ভার (Weather Alert)। আকাশে ঘন কালো মেঘ, সঙ্গে দমকা হাওয়ার ইঙ্গিত-সব মিলিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস স্পষ্ট। এর মধ্যেই চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ, ফলে ভোটারদের জন্য বাড়তি সতর্কতা জরুরি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করেই কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে, যা পরিস্থিতির গুরুত্বই বোঝাচ্ছে। কলকাতা-সহ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। অন্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা জরুরি, পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আবহাওয়া বেশ সক্রিয় রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
