Weather Alert
Bengal Liberty, ৫ মে :
সরকার বদলের পর শুধু রাজনীতির হাওয়াই নয়, বদলে গেছে আকাশের মেজাজও (Weather Alert)। বাংলার আকাশ এখন বেশ অস্থির, প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি আছড়ে পড়ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গেই আজ, মঙ্গলবার ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে (Weather Alert)। এই কারণে আগেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। হঠাৎ করেই ঝড় বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নেমে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার এই খামখেয়ালিপনার মূল কারণ আকাশে তৈরি হওয়া একাধিক ঘূর্ণাবর্ত এবং একটি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই সবকিছু মিলে বাতাসে জলীয়বাষ্প বাড়িয়ে দিচ্ছে, আর তার ফলেই বারবার তৈরি হচ্ছে ঝড়-বৃষ্টির পরিস্থিতি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর অস্থিরই থাকবে। আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা-এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এসব জায়গায় কমলা সতর্কতা রয়েছে, অর্থাৎ পরিস্থিতি বেশ খারাপ হতে পারে। ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। জানা গেছে, একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায়, আরেকটি রয়েছে ওড়িশা সংলগ্ন অঞ্চলে। পাশাপাশি দক্ষিণ ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েও গিয়েছে। এই সবকিছু মিলেই বাতাসে আর্দ্রতা বাড়াচ্ছে এবং ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ উত্তরবঙ্গের আকাশও বেশ খামখেয়ালি থাকবে। সকাল থেকে মাঝেমধ্যেই মেঘ জমে ঝড়-বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কিছু জেলায় পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, ফলে কোথাও কোথাও জল জমার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির প্রভাব থাকবে। সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই হঠাৎ আবহাওয়া খারাপ হলে সতর্ক থাকা জরুরি।
