Boni Arrested Bijpur
Bengal liberty, 28 মে, বীজপুর:
রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি ও অপরাধ দমনে কড়া অ্যাকশন শুরু করেছে পুলিশ (Boni Arrested Bijpur)। সেই ধারায় এবার বীজপুর বিধানসভার ৪ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। এলাকার দীর্ঘদিনের ‘ত্রাস’ তথা জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ রায় ওরফে বনিকে কোমরে দড়ি বেঁধে, গায়ে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ।

মন্দারমণি থেকে শ্রীঘরে, এলাকায় ‘চোর’ স্লোগান Boni Arrested Bijpur
পুরনো অস্ত্র মামলা ও তোলাবাজির অভিযোগে সম্প্রতি বনিকে মন্দারমণি থেকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। ব্যারাকপুর আদালত তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আজ হেফাজতে থাকা অবস্থাতেই তদন্তের স্বার্থে বনিকে তার নিজের ডেরা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় নিয়ে আসে পুলিশ। একসময়ের দাপুটে নেতাকে এই অবস্থায় দেখে রাস্তায় ভিড় জমে যায় এবং স্থানীয় মানুষ তাকে লক্ষ্য করে “চোর চোর” স্লোগান তুলতে শুরু করেন।

অর্জুনের সঙ্গে বচসা ও রকেটের গতিতে উত্থান
২০২৪ সালের লোকসভা ভোটের সময় বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে বনির প্রকাশ্য বাকবিতণ্ডা ও হুমকির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। এরপর থেকেই শিল্পাঞ্চলের রাজনীতিতে রাতারাতি তার দাপট ও প্রভাব রকেটের গতিতে বাড়তে থাকে। পরবর্তীকালে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর লবির সঙ্গে দূরত্ব তৈরি করে তৎকালীন বিধায়ক সুবোধ অধিকারী ও সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ হয়ে ওঠে বনি।
রেল কোয়ার্টার দখল করে ‘বিলাসবহুল’ আস্তানা
অভিযোগ, ২০২৩ সাল থেকেই এলাকায় একচ্ছত্র দাপট চালাচ্ছিল বনি। রেলের একটি কোয়ার্টার বেআইনিভাবে দখল করে সেটিকে নিজের মূল আস্তানা বানিয়েছিল সে। সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এসি, ফ্রিজ চালানো হতো এবং পাহারা দেওয়ার জন্য দুটি দামী বিদেশি কুকুরও রাখা ছিল বলে স্থানীয়দের দাবি।
আজ পুলিশি ঘোরানোর সময় অবশ্য বনি চিৎকার করে দাবি করে, “যারা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে, আমি চুরি করিনি বলেই এখানে আছি”। পাশাপাশি সে কমল অধিকারীর নামও মুখে আনে। তবে বনির এই নাটকীয় গ্রেফতারি এবং পুলিশের কড়া পদক্ষেপে বীজপুরের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের আতঙ্ক কেটে স্বস্তির পরিবেশ ফিরেছে।

