Weather Alert
Bengal Liberty, ২৮ মে :
কয়েকদিনের অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)। দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে কালবৈশাখীর দাপট। কলকাতা সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকেই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অংশে বর্ষাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বাংলার আবহাওয়াতেও (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার আবেদন জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ অঞ্চল, দক্ষিণ ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশ এবং আন্দামান সাগরের ওপর দিয়ে বর্ষা আরও অগ্রসর হয়েছে। পাশাপাশি দক্ষিণ বিহার থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় হয়ে দক্ষিণ তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অনুকূল পরিস্থিতির জেরেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির কার্যকলাপ বাড়ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে। ফলে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।


