Bidhannagar Mayor Resign
Bengal Liberty:
রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর একের পর এক গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগের ঘটনায় নতুন মাত্রা যোগ হল (Bidhannagar Mayor Resign)। কলকাতা পুরসভার পর এবার বিধাননগর পুরনিগমেও বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বৃহস্পতিবার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গ পদত্যাগ Bidhannagar Mayor
সূত্রের খবর, কৃষ্ণা তাঁর পদত্যাগপত্র বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে জমা দিয়েছেন। পাশাপাশি সেই চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দফতরেও। পুর ও নগরোন্নয়ন দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও পৌঁছেছে তাঁর পদত্যাগের নথি।
পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণা বলেন, “ব্যক্তিগত কারণেই আমি মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কাউন্সিলর হিসেবে মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাবেন। ফলে আপাতত পুর রাজনীতি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত তিনি দেননি।
উল্লেখ্য, ২০১৯ সালে সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষ্ণাকে বিধাননগর পুরনিগমের মেয়র পদে দায়িত্ব দেয়। দীর্ঘ কয়েক বছর তিনি এই দায়িত্ব সামলেছেন। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই পদত্যাগকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ও প্রশাসনিক কাঠামোয় ভাঙনের একাধিক ইঙ্গিত সামনে এসেছে। বিভিন্ন পুরসভা ও স্থানীয় প্রশাসনিক সংস্থায় পদত্যাগের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রাজনৈতিক মহলের দাবি।
এর মধ্যেই বুধবার কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের পদত্যাগের জল্পনা রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে। সূত্রের দাবি, তিনি মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কৃষ্ণার পদত্যাগ নতুন করে তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতা হারানোর পর দলের অভ্যন্তরে দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। অনেকেই স্বেচ্ছায় পদ ছাড়ছেন, আবার অনেক ক্ষেত্রে নেতৃত্বের ওপর চাপও তৈরি হচ্ছে। ফলে একসময় রাজ্যের শহরাঞ্চলের প্রশাসনে শক্ত অবস্থান তৈরি করা তৃণমূল এখন ক্রমশ সেই নিয়ন্ত্রণ হারাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
বিধাননগর পুরনিগমের মেয়রের পদত্যাগ সেই ধারাবাহিকতারই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করা হচ্ছে। এখন নজর থাকবে, তাঁর উত্তরসূরি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয় এবং আগামী দিনে পুর প্রশাসনের সমীকরণ কোন দিকে মোড় নেয়।

