Kolkata Municipal Corporation
Bengal Liberty : হাতছাড়া হলো ‘ছোট লালবাড়ি’। কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। সোমবার নির্দেশিকা জারি করে পুরসভায় প্রশাসক নিয়োগ করল শুভেন্দু অধিকারীর সরকার। পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মেয়র বাছতে পারল না তৃণমূল (Kolkata Municipal Corporation)
কাজের পরিবেশ নেই— এই অভিযোগে গত শুক্রবার কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। এরপর রাজ্যপাল আর. এন. রবির নির্দেশে পুর ও নগরোন্নয়ন দফতর নতুন মেয়রের নাম জানতে চায়। সোমবারের মধ্যে নাম জানানোর সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু তিন দিন পার হলেও তৃণমূল নতুন মেয়রের নাম ঠিক করতে পারেনি। ফলে ১৯৮০ সালের কলকাতা পুরসভা আইন অনুযায়ী বোর্ড ভেঙে দেওয়া হলো।

মমতার বৈঠক বাতিল ও দিল্লি যাত্রা (Kolkata Municipal Corporation)
নতুন মেয়র ঠিক করতে রবিবার তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের অন্দরে তীব্র কোন্দলের কারণে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল হয়ে যায়। কলকাতার ১৩৬ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে অনেকেই এখন ‘বেসুরো’। এই আশঙ্কার মাঝেই বৈঠক বাতিল করে সোমবার দিল্লিতে ইন্ডি (INDIA) জোটের বৈঠকে যোগ দিতে চলে যান মমতা।

বাতিল পুর অধিবেশন (Kolkata Municipal Corporation)
দিল্লিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত, তখনই কলকাতায় পুরবোর্ড ভাঙার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় নতুন সরকার। এর ফলে আগামী ১৯ জুন পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের ডাকা বিশেষ পুর অধিবেশনও বাতিল হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্যই দ্রুত এই প্রশাসক বসানো হলো।

