Humayun Kabir News
Bengal Liberty: লোকসভা ভোটের পর থেকেই দলবদল এবং ‘গোপন সেটিং’ রাজনীতির জল্পনায় ফুটছে রাজ্য। এবার সেই আগুনে ঘৃতাহুতি পড়ল মুর্শিদাবাদে (Humayun Kabir News)। দিল্লির এক কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান সহ একাধিক ঘাসফুল নেতার ‘গোপন বৈঠক’ ঘিরে তোলপাড় শুরু হয়েছে জেলার রাজনীতিতে। আর এই ঘটনাকে হাতিয়ার করেই এবার তৃণমূলের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীর।
নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করে তাঁর দাবি, এতদিন যাঁরা তাঁকে ‘বিজেপির দালাল’ বা ‘বিজেপির বি-টিম’ বলে অপপ্রচার করতেন, আজ তাঁদের নিজেদের আসল রূপই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে (Humayun Kabir News)। মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান এবং বিধায়ক আখরুজ্জামান স্বয়ং দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন বলে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। হুমায়ুনের ক্ষোভ, একসময় নেত্রীর দোহাই দিয়ে যাঁরা তাঁকে দল থেকে সাসপেন্ড করিয়েছিলেন, আজ তাঁরাই বিজেপিতে নাম লেখানোর জন্য দিল্লিতে লাইন দিয়েছেন। এই ঘটনাকে মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের সঙ্গে চরম বেইমানি ও বিশ্বাসঘাতকতা বলেই দাগিয়ে দিয়েছেন তিনি।

মুর্শিদাবাদে দলবদলের জল্পনা আরও উস্কে দিল হুমায়ুনের পোস্ট (Humayun Kabir News)
এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের আমজনতার দরবারে মূলত দুটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবীর। প্রথমত, যাঁরা সাধারণ মানুষের ভোটে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তাঁরা আজ কোন নৈতিকতায় বিজেপির সঙ্গে গোপন ‘সেটিং’ করছেন? একে ভোটারদের রায়ের সঙ্গে চরম বেইমানি বলে উল্লেখ করার পাশাপাশি তাঁর দ্বিতীয় প্রশ্ন, তাহলে আজ কে আসল বিজেপির ‘বি-টিম’? যাঁদের বিরুদ্ধে এতদিন তাঁকে বি-টিম বলে গালি দেওয়ার অভিযোগ ছিল, আজ তো তাঁরাই বিজেপির দালালি করতে দিল্লিতে ধর্না দিচ্ছেন। হুমায়ুন স্পষ্ট জানান, তিনি শুরু থেকেই ন্যায়ের পথে ছিলেন এবং থাকবেন।

ক্ষমতার লোভে নীতি বিসর্জন দিয়ে যাঁরা বিজেপির সঙ্গে আপস করছেন, জেলার ভোটাররা আজ তাঁদের আসল চেহারা দেখতে পাচ্ছেন। তাঁর লড়াইয়ের মূল লক্ষ্যই ছিল এই সুবিধাবাদী গদ্দারদের মুখোশ খুলে দেওয়া। এই দালাল ও বেইমানদের শিক্ষা দেওয়ার সময় এসেছে এবং মানুষ যে সব মনে রাখছে, তা মনে করিয়ে দিয়েছেন তিনি। আগামী দিনে সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব ইঞ্চি-ইঞ্চি করে বুঝিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুনের প্রত্যয়ী বার্তা, মুখোশ একদিন খসবেই এবং সত্যের জয় নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুমায়ুনের এই বিস্ফোরক পোস্টের পর মুর্শিদাবাদ জেলা তৃণমূলে বড়সড় ফাটল ধরার জল্পনা আরও জোরালো হল, তবে এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল সাংসদ বা বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

