Kolkata Municipal Corporation
Bengal Liberty, ৮ জুন :
রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতা পুরসভাকে ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Kolkata Municipal Corporation)। সোমবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা পুরসভার নির্বাচিত বোর্ড বিলুপ্ত হওয়ার পর সমস্ত প্রশাসনিক ক্ষমতা আপাতত পুর কমিশনারের হাতে ন্যস্ত করা হয়েছে। নতুন কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বোচ্চ ৬ মাসের জন্য এই প্রশাসনিক ব্যবস্থা বহাল থাকবে (Kolkata Municipal Corporation)।

নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসকের হাতে পুরসভার দায়িত্ব (Kolkata Municipal Corporation)
পুর ও নগরোন্নয়ন দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গেই মেয়র, মেয়র-ইন-কাউন্সিল, কাউন্সিলর এবং বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের কার্যকাল শেষ হয়েছে। এর ফলে এতদিন নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত পুর প্রশাসন এখন সরাসরি প্রশাসকের অধীনে পরিচালিত হবে। সরকারি নির্দেশে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুরসভার সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকের এই মেয়াদ ছয় মাসের বেশি হবে না এবং তার আগেই যদি নতুন নির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেন, তবে প্রশাসনিক ব্যবস্থার অবসান ঘটবে।
নতুন নির্বাচনের দিকেই নজর (Kolkata Municipal Corporation)
প্রশাসক নিয়োগের পর স্বাভাবিকভাবেই এখন নজর নতুন পুর নির্বাচন কবে হবে তার দিকে। রাজ্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এই নির্দেশিকার অনুলিপি পাঠানো হয়েছে, যা ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জল্পনাকে আরও উস্কে দিয়েছে। কলকাতা পুরসভার মতো দেশের অন্যতম বৃহৎ নগর প্রশাসনিক সংস্থায় নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসক নিয়োগ নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। আগামী কয়েক মাসে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক সমীকরণও কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।


