TMC Bhawan Controversy
Bengal Liberty : কলকাতার মেট্রোপলিটনে অবস্থিত অস্থায়ী ‘তৃণমূল ভবন’ খালি করা নিয়ে বড়সড় বিবাদ তৈরি হলো। চুক্তির মেয়াদ শেষ হলেও বাড়ি না ছাড়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাড়ির মালিক মনোতোষ সাহা। এই ঘটনার জেরে সোমবার প্রগতি ময়দান থানায় ছুটতে হয় তৃণমূল নেতৃত্বকে।
মালিকের বিস্ফোরক অভিযোগ (TMC Bhawan Controversy)
বাড়ির মালিক মনোতোষ সাহার দাবি, ২০২১ সাল থেকে তাঁর এই ভবনটি অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে তৃণমূল। কিন্তু ২০২৫ সালেই সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এক বছর পেরিয়ে গেলেও বাড়ি খালি করা হয়নি। এছাড়া দলের কাছে তাঁর ডেকোরেশনের বহু টাকা বকেয়া রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বাধ্য হয়েই তিনি থানায় জেনারেল ডায়েরি করার সিদ্ধান্ত নেন।

থানায় চন্দ্রিমা-কুণাল (TMC Bhawan Controversy)
বিবাদ বাড়তেই সোমবার প্রগতি ময়দান থানায় যান তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। তাঁরা বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্ত নথিপত্র পুলিশের কাছে জমা দেন। দলের পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে।

দলের বক্তব্য (TMC Bhawan Controversy)
তৃণমূলের দাবি, অন্য জায়গায় পার্টি অফিস স্থানান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এটি কেবলই একটি অস্থায়ী কার্যালয় ছিল। এই নিয়ে পুলিশ বা প্রশাসন যেন অহেতুক কোনও পদক্ষেপ না করে বা উত্তেজনা তৈরি না হয়, সেই অনুরোধই জানিয়েছে দল।

