Bengal Liberty:
নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে কলকাতায় বাম সংগঠনগুলির ডাকা মিছিল কভার করতে গিয়ে সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠন ভয়েস অফ মিডিয়া (পশ্চিমবঙ্গ ইউনিট) এবং প্রেস ক্লাব কলকাতা।

Journalist Harrasment
ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনও ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং তা সংবাদমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আঘাত। সংগঠনের দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংবাদ সংগ্রহে বাধা বা সাংবাদিকদের উপর হামলার কোনও স্থান গণতান্ত্রিক সমাজে নেই বলেও উল্লেখ করা হয়েছে।

হামলার ঘটনায় সরব সাংবাদিক সংগঠনগুলি Journalist Harrasment
অন্যদিকে, প্রেস ক্লাব কলকাতাও এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লির পর এবার কলকাতাতেও আন্দোলন কভার করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন। সংগঠনের দাবি, ধর্নাস্থলে খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক ও চিত্রসাংবাদিক আহত হন, কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং ক্যামেরাও ভাঙচুর করা হয়। এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা আখ্যা দিয়ে প্রেস ক্লাব কলকাতা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
দুই সাংবাদিক সংগঠনই স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিবাদ ও আন্দোলন করার অধিকার যেমন সকলের রয়েছে, তেমনই সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করাও গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আরও পড়ুনঃ ধর্মতলার বিক্ষোভে মিডিয়া আক্রান্ত! সরকারের হস্তক্ষেপ চাইলেন ঋতব্রত

