Modi Jhalmuri Delhi
Bengal Liberty : কেন্দ্রে মোদি সরকারের ১২ বছর পূর্তির দিনে দিল্লির ভারত মণ্ডপমে বসল এনডিএ-র মেগা বৈঠক। আর সেই বৈঠকের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হয়ে উঠল বাংলার জনপ্রিয় খাবার ‘ঝালমুড়ি’। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঝালমুড়ি মেখে তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নেহরুর রেকর্ড ভাঙলেন মোদি (Modi Jhalmuri Delhi)
বুধবারই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৪ হাজার ৩৯৯ দিনের নিরবচ্ছিন্ন কার্যকাল সম্পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। এর মাধ্যমে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘতম মেয়াদের রেকর্ড ভেঙে দিলেন। এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতেই দিল্লিতে এনডিএ শরিক দলের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই খুশির আবহেই আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
দিল্লির বৈঠকে ঝাড়গ্রামের স্মৃতি (Modi Jhalmuri Delhi)
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে ঝাড়গ্রামে এসে ১০ টাকার ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। তখন তিনি বলেছিলেন, “ঝালমুড়ি আমি খেয়েছি, আর ঝাল লেগেছে তৃণমূলের।” বাংলায় বিজেপির বিপুল জয়ের পর এই ঝালমুড়ি রীতিমতো দলের ‘ব্র্যান্ড’ হয়ে উঠেছে।

বুধবার দিল্লির ভারত মণ্ডপমে ঝালমুড়ির একটি বিশেষ স্টল দেওয়া হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রীর প্লেট এগিয়ে দেন। মোদী নিজেও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, “আজ এনডিএ বৈঠকে সহকর্মী নেতাদের সঙ্গে ঝালমুড়ি খেলাম।”

উচ্ছ্বাসে মাতলেন এনডিএ নেতারা (Modi Jhalmuri Delhi)
প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার এই ভিডিওটি নিমেষে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুধু মোদি নন, বৈঠকে উপস্থিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এনডিএ জোটের শীর্ষ নেতারাও খোশমেজাজে ঝালমুড়ির স্বাদ নেন। রাজনৈতিক মহলের মতে, ঝালমুড়ি খাইয়ে শুভেন্দু যেমন দিল্লির দরবারে বাংলার খাদ্য ঐতিহ্যকে তুলে ধরলেন, তেমনই বুঝিয়ে দিলেন যে বিজেপির ‘ঝালমুড়ি-রাজনীতি’ এখনই থামছে না।

