Kolkata High Court
Bengal Liberty: রেল সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ নিয়ে কলকাতা হাইকোর্ট বড়সড় স্বস্তি দিল ক্ষুদ্র ব্যবসায়ীদের (Kolkata High Court)। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ সাফ জানিয়ে দিল, আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না।

আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশ (Kolkata High Court)
বালিগঞ্জ, যাদবপুর, বারুইপুর, বনগাঁ সহ রাজ্যের ২৫টি স্টেশনের হকার উচ্ছেদ সংক্রান্ত যে মামলাগুলি দায়ের হয়েছে, তার ওপর আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। অর্থাৎ, আপাতত বুলডোজার চালানো যাবে না।
আদালত প্রশ্ন তুলেছে, যে জমিগুলিতে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে, সেগুলি আদৌ রেলের কি না। রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি এলাকা সশরীরে (ফিজিক্যাল ভেরিফিকেশন) পরিদর্শন করে আদালতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।যদি কাউকে উচ্ছেদ করতেই হয়, তবে তার আগে বিকল্প জায়গার ব্যবস্থা বা পুনর্বাসনের বিষয়টি রেলকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

মামলার প্রেক্ষাপট (Kolkata High Court)
রেল স্টেশনের আশপাশে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযানের জেরে হাজার হাজার পরিবার জীবিকা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছিল। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, এভাবে উচ্ছেদ মানুষের মৌলিক অধিকার ও জীবিকার অধিকার ক্ষুণ্ণ করছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষের দাবি ছিল, জমি তাদেরই এবং নিয়ম মেনেই উচ্ছেদ চলছে।

সব পক্ষের কথা শুনে বিচারপতি নির্দেশ দিয়েছেন, উচ্ছেদের আগে সব নথি ও জমির রেকর্ড খতিয়ে দেখতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত হাজার হাজার হকার আপাতত উচ্ছেদের আতঙ্ক থেকে রেহাই পেলেন।


