Weather Alert
Bengal Liberty, ১৭ জুন :
বর্ষা ক্যালেন্ডারে এলেও তার প্রভাব এখনও সেভাবে দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে (Weather Alert)। প্রখর রোদ, ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা যেন পুরো দমে হাজির। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবারও দুই বঙ্গের আবহাওয়ায় থাকছে স্পষ্ট বৈপরীত্য (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি থেকে এখনই মুক্তি মিলছে না। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভ্যাপসা গরম ও তাপজনিত অস্বস্তি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ফলে দিনের বেশিরভাগ সময়েই গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বুধবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।



