West Bengal Assembly Session 2026
Bengal Liberty : বৃহস্পতিবার, ১৮ জুন থেকে শুরু হল অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশন (West Bengal Assembly session)। রাজ্যপাল আর. এন. রবির ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে অধিবেশনের। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধিবেশনে যোগ দেওয়ার আগে মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেও বসার কথা রয়েছে তাঁর। বৈঠক শেষে যোগ দেবেন অধিবেশনে। পাশাপাশি বিধানসভায় বৃহস্পতিবার ডাক পেয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। অন্যদিকে, ২২ জুন বিধানসভার টেবিলে ২০২৬-২৭ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (West Bengal Assembly session)।

কী থাকছে বিধানসভার সূচিতে?
বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় ভারতীয় সংবিধানের ১৭৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্যপাল আর. এন. রবি তাঁর উদ্বোধনী ভাষণ প্রদান করবেন। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হবে এই ভাষণের মাধ্যমেই। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের ভাষণের প্রতিলিপি বিধানসভার টেবিলে পেশ করবেন অধ্যক্ষ। একইসঙ্গে শাসকদলের এক প্রবীণ সদস্য রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব আনবেন, যা সমর্থন করবেন দলেরই আরেক সদস্য। অন্যদিকে, আগামী সোমবার দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকার কী রূপরেখা তুলে ধরে, সেদিকেই নজর থাকবে সকলের। এছাড়াও ২৩ ও ২৪ জুন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা, বিভিন্ন জনস্বার্থ বিষয়ক উত্থাপন এবং সাধারণ বাজেটের উপর বিস্তৃত বিতর্ক অনুষ্ঠিত হবে।



