Weather Alert
Bengal Liberty : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন পশ্চিমবঙ্গের উপর সক্রিয় (Weather Alert)। ফলে রাজ্যজুড়ে তাপমাত্রা অনেকটাই কমেছে এবং জোরদার হয়েছে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। সোমবার ভোর থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি, আকাশও রয়েছে মেঘে ঢাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই রাজ্যের অধিকাংশ এলাকায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির আশঙ্কায় এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি নামতে পারে। পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব যথেষ্ট জোরালো। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে নদী-নালা, জলাশয় ও খোলা এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।



