Adhir Ranjan Chowdhury comeback
Bengal Liberty:
রাজ্য বাজেটকে সামনে রেখে মুর্শিদাবাদের দীর্ঘদিনের দাবি ও একাধিক জ্বলন্ত সমস্যার সমাধানে উদ্যোগী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে চিঠি দিয়ে জেলার উন্নয়নের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রীর দ্বারস্থ অধীর Adhir Ranjan Chowdhury
চিঠিতে অধীর চৌধুরী উল্লেখ করেছেন, ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থলে অবস্থিত মুর্শিদাবাদে অবিলম্বে একটি বিমানবন্দর গড়ে তোলা প্রয়োজন। তাঁর দাবি, এই বিমানবন্দর চালু হলে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। পাশাপাশি সামসেরগঞ্জ-সহ গঙ্গা ও পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রুখতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও জেলার বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একটি ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন অধীর।
চিঠিতে বহরমপুর রেল কোচ ফ্যাক্টরি দ্রুত চালু করা, জেলার ঐতিহ্যবাহী পাট শিল্পের আধুনিকীকরণ এবং ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য পৃথক আর্থিক বরাদ্দেরও দাবি জানানো হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী আশা প্রকাশ করেছেন, মুর্শিদাবাদের উন্নয়নের স্বার্থে উত্থাপিত এই ন্যায্য ও গঠনমূলক দাবিগুলিকে রাজ্য সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


