UCC West Bengal
Bengal Liberty: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code বা UCC) কার্যকর করার লক্ষ্যে আগামী সোমবার বিধানসভায় বিল পেশ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিলটি আইনে পরিণত হলে অসম, গোয়া এবং উত্তরাখণ্ডের পর পশ্চিমবঙ্গ হবে দেশের চতুর্থ রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। এই আবহে নিজেদের অবস্থান স্পষ্ট করল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল (UCC West Bengal)।
এক বিবৃতিতে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, তারা দেশের প্রতিটি নাগরিকের জন্য সমতা, মর্যাদা এবং ন্যায়বিচারের সাংবিধানিক আদর্শকে সমর্থন করে। দলের মতে, কোনও ব্যক্তিগত আইনেই বৈষম্যের স্থান থাকা উচিত নয়। তবে একই সঙ্গে ইউসিসি কার্যকরের ক্ষেত্রে কেন্দ্রের শাসক দল Bharatiya Janata Party-র উদ্দেশ্য নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।
তৃণমূলের বক্তব্য, মূল প্রশ্ন হল—ইউনিফর্ম সিভিল কোড কি সত্যিই সকলের সম্মতি, সাংবিধানিক নৈতিকতা এবং নাগরিকদের কল্যাণের লক্ষ্যে আনা হচ্ছে, নাকি এটি রাজনৈতিক মেরুকরণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। দলের দাবি, ভারতের শক্তি তার বৈচিত্র্যের মধ্যেই নিহিত। সমতা ও বৈচিত্র্য—এই দুই সাংবিধানিক মূল্যবোধকে সমান গুরুত্ব দিয়েই যে কোনও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনও আইন বা সংস্কার মানুষের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। বরং তা হওয়া উচিত বিস্তৃত আলোচনা, সংলাপ, পারস্পরিক আস্থা এবং সাংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে। তৃণমূলের মতে, এমন একটি সংবেদনশীল বিষয়ে সব অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
দলটি আরও অভিযোগ করেছে, অতীতে বিভিন্ন সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করেছে বিজেপি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ইউসিসি নিয়ে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে তাদের আশঙ্কা রয়েছে। তৃণমূলের দাবি, এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এমন কোনও স্পষ্ট আশ্বাস মেলেনি, যা থেকে বোঝা যায় যে এই উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠা।
তৃণমূল কংগ্রেসের মতে, অভিন্ন দেওয়ানি বিধির মতো একটি গুরুত্বপূর্ণ আইন কার্যকর করার আগে আদিবাসী সম্প্রদায়, বিভিন্ন প্রান্তিক ও দুর্বল গোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায় এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সঙ্গে আরও বিস্তৃত পরামর্শ ও আলোচনা হওয়া প্রয়োজন। সকলের মতামতকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত বলে দলের অভিমত।
আগামী সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশ হওয়ার কথা। ফলে এই ইস্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে জোর বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে সরকার যেখানে অভিন্ন দেওয়ানি বিধিকে সমতা ও অভিন্ন আইনি কাঠামোর পদক্ষেপ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আইন প্রণয়নের প্রক্রিয়ায় সর্বসম্মতি, সাংবিধানিক মূল্যবোধ এবং সামাজিক আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত (UCC West Bengal)। বিলটি বিধানসভায় পেশ হওয়ার পর এই বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল নিয়ে ভারতকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র? প্রশ্ন উঠছে তৃণমূল সাংসদের দায়িত্ববোধ নিয়ে


