bjp worker
Bengal Liberty:
হাওড়ার বাগনানে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিআইডি (BJP Worker Murder)। ধৃতের নাম শেখ সাইফুদ্দিন। শনিবার রাতে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। এই ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর (FIR) দায়ের হয়েছিল। সাইফুদ্দিনকে নিয়ে এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হলো। আজ, রবিবার অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে। এর আগে শনিবার নিহত প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঘটনার প্রেক্ষাপট
গত ১৫ জুন রাতে একটি নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে বাগনানের পাইকপাড়ি গ্রামে আক্রান্ত হন প্রশান্তবাবু সহ চার বিজেপি কর্মী। বাঁশ ও ইট দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রশান্ত দে-কে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি তিন বিজেপি সমর্থক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।

নিহত প্রশান্ত দে’র পরিবারের হাতে প্রথমে চার লক্ষ এবং পরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। পরিবারকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, “আমি পরিবারকে কথা দিয়ে এসেছি যে, এফআইআর-এ যাদের নাম আছে, সিআইডি তাদের প্রত্যেককে গ্রেফতার করবে। তারা হেফাজতে থাকাকালীনই যাতে চার্জশিট জমা দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।” মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই তৎপরতা বাড়ায় সিআইডি এবং শনিবার রাতে শেখ সাইফুদ্দিনকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে সিআইডি ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।


