Suvendu Adhikari
Bengal Liberty:
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার ঘোষণা করলেন তিনি। একইসঙ্গে হাসপাতালের অত্যাধুনিক নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ,” সেবাশ্রয় নিয়ে যে সব অভিযোগ উঠেছে তার তদন্ত হবে।”

উদ্বোধন হল নতুন নিউরো আইসিইউ Suvendu Adhikari
ভারত সেবাশ্রম সংঘের মানবিক ভূমিকার প্রশংসায় মুখর হন তিনি। বুধবার জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে পৌঁছে প্রথমে স্বামী প্রণবানন্দজী মহারাজের আরতি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর হাসপাতালের নতুন নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তিনি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং ১৩টি বেড-সহ এই নতুন ইউনিট চালু হওয়ায় জটিল স্নায়ুরোগের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সেবাশ্রমের দুর্নীতি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” সেবাশ্রম সংক্রান্ত সকল মামলার তদন্ত হবে। ”
হাসপাতালকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার ঘোষণা
অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, খুব শীঘ্রই এই হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে, যাতে আরও বেশি সংখ্যক সাধারণ মানুষ উন্নত চিকিৎসার সুবিধা পান। তিনি বলেন, আধ্যাত্মিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলির প্রতি সরকারের দায়িত্ব রয়েছে এবং মানুষের স্বার্থে সরকার তাদের পাশে থাকবে। এই অনুষ্ঠানে বিগত সরকারেরও কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আগের সরকার ছিল দাম্ভিক। আইন মানত না। বর্তমান সরকার কোনও বেআইনি কাজ করবে না। এই সরকারে কোনও আমিত্ব থাকবে না। এই সরকার জনগণের সরকার হবে।’ পাশাপাশি তিনি ভারত সেবাশ্রম সংঘের ভূমিকার বিশেষ উল্লেখ করে বলেন, ধর্ম রক্ষার আন্দোলনে কিংবা রাজনৈতিক হিংসায় আহত বহু মানুষকে এই হাসপাতাল চিকিৎসা পরিষেবা দিয়েছিল।


