INDIA Alliance
নয়াদিল্লি: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরের ঐক্যের এক গুরুত্বপূর্ণ বার্তা সামনে এল। ‘ইন্ডিয়া’ (INDIA) জোট গঠনের পর একাধিক বৈঠক হলেও, এই প্রথম ২৩টি বিরোধী রাজনৈতিক দল এবং একজন নির্দল সাংসদ যৌথভাবে ভারতের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর/SIR) প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচনী স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

চিঠির শুরুতেই আবেদন জানিয়ে লেখা হয়েছে, ‘যখন সবদিক বিপন্ন, তখন ভারতীয় গণতন্ত্র একমাত্র বিচার ব্যবস্থার মুখাপেক্ষী হয়ে থাকে।’ এরপরই চিঠিতে ভোট লুটের অভিযোগ তুলে ব্যাখ্যা করা হয়েছে, SIR-এর মাধ্যমে কীভাবে ভোট চুরি হয়েছে বা হচ্ছে। এ প্রসঙ্গে তামিলনাড়ু, পুদুচেরি ও বিহার-সহ ভোট সম্পন্ন হওয়া অন্যান্য রাজ্যের উদাহরণও তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশনের কার্যকলাপ কোন কোন ক্ষেত্রে নিয়মবহির্ভূত এবং সংবিধানবিরোধী, চিঠিতে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে, কীভাবে SIR নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে—সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে. সি. ভেনুগোপাল দাবি করেছেন, দেশের নির্বাচনী গণতন্ত্র আজ অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে। তাঁর অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামো রক্ষায় সুপ্রিম কোর্টের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। সেই কারণেই বিরোধী দলগুলি বিচার বিভাগের হস্তক্ষেপ চেয়েছে এবং স্বচ্ছতার স্বার্থে চিঠিটি প্রকাশ্যে এনেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গভীর। বিরোধী শিবিরের দাবি, নির্বাচন-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন আদর্শের দল এক মঞ্চে এসে যৌথ অবস্থান নিয়েছে। অন্যদিকে, বিজেপি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতীতেও ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে সম্পূর্ণ আইনসম্মত ও স্বচ্ছ বলে দাবি করা হয়েছে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সাংবিধানিক আলোচনারও কেন্দ্রে উঠে এসেছে।
বিরোধীদের এই যৌথ উদ্যোগ বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ের পথকে আরও সুগম করছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ওঠা এই গুরুতর অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি এখন শীর্ষ আদালত এবং সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে।


