Bengal Liberty : ভক্তির আবহ, উৎসবের উচ্ছ্বাস আর ‘জয় তারা’ ধ্বনিতে রথযাত্রার দিন যেন অন্য রূপে সেজে উঠেছে তারাপীঠ (Tarapith)। পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে ভোর থেকেই বীরভূমের এই তীর্থক্ষেত্রে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফুলে ফুলে সেজে উঠেছে মন্দির ও রথযাত্রার পথ। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে সকাল থেকেই জমজমাট মন্দির চত্বর। চলছে মা তারার বিশেষ পূজো, রথ সাজানোর কাজ। সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুখরিত তারাপীঠ (Tarapith)।

কড়া নিরাপত্তায় প্রস্তুত রথযাত্রা (Tarapith)
পবিত্র রথযাত্রা উপলক্ষে তারাপীঠ মন্দির ও রথযাত্রার পুরো পথ, গেট নানা রঙের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সকাল থেকেই মাইকের মাধ্যমে ভেসে আসছে মা তারার ভক্তিমূলক গান। পুজোর ডালা হাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত-সহ দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমিয়েছেন মন্দিরে। নিয়ম মেনেই চলছে মা তারার বিশেষ পুজো এবং রথ সাজানোর কাজ। রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্দির কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। মন্দির কমিটির দাবি, এই অর্থ রথ নির্মাণে নয়, বরং মন্দির চত্বর ও রথযাত্রার পথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুগন্ধি স্প্রে এবং ভক্তদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরিষেবার কাজে ব্যয় করা হবে।
নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির চত্বর ও আশপাশে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষীরা। সব মিলিয়ে ভক্তি, আস্থা এবং উৎসবের আবহে রথযাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত তারাপীঠ।


