Tarapith Temple
Bengal Liberty: শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই বীরভূমের তারাপীঠ মন্দিরে চালু হলো একগুচ্ছ নতুন নিয়ম। মন্দিরের শৃঙ্খলা রক্ষা এবং ভক্তদের ভিড় সামাল দিতে এবার থেকে মা তারার বিগ্রহ সরাসরি স্পর্শ করে পুজো দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্দির কমিটি।

নতুন সময়সূচি (Tarapith Temple)
পুজো ও আরতির ক্ষেত্রে এবার থেকে ঘড়ির কাঁটা ধরে চলবে নিয়ম। প্রতিদিন ভোর ৫টা ৩০ মিনিটে মূল দরজা খুলে দেওয়া হবে। ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মায়ের ভোগের জন্য গর্ভগৃহ বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টায় আরতি শুরু হবে, সেই সময় ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টা থেকে পুনরায় দর্শনার্থীরা ঢুকতে পারবেন। রাত ১০টায় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে।

লাইন ও প্রবেশ ব্যবস্থায় বদল (Tarapith Temple)
ভিড় নিয়ন্ত্রণে এবার তিন ধরনের লাইনের ব্যবস্থা করেছে মন্দির কমিটি। ৩০ মিনিট সাধারণ লাইন, ২০ মিনিট ৫০০ টাকার ভিআইপি কুপন লাইন এবং ১০ মিনিট প্রোটোকল লাইন—এই নিয়মেই চলবে পুজো। এর বাইরে কোনো স্পেশাল লাইন থাকবে না। এছাড়া, স্থানীয় বাসিন্দারা বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে পাস সংগ্রহ করতে পারবেন। সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে মন্দিরের পিছনের দরজা দিয়ে সাধারণ বা ভিআইপি—কারও প্রবেশই আর সম্ভব হবে না বলে জানিয়েছে কমিটি। নতুন এই নিয়মগুলো ভক্তদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক পুলক চট্টোপাধ্যায়।

