Bengal Liberty : তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড! মঙ্গলবার ভোরে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার পথে অবস্থিত একটি বিলাসবহুল বেসরকারি লজে আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। লজের দোতলার একটি ঘরে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্বস্তির খবর, এই ঘটনায় কোনও আবাসিকের ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত আগস্টে তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।
ভোররাতে দোতলার ঘরে আগুন
রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার পথে বেশ কিছুটা জায়গা নিয়ে তৈরি হয়েছে ‘গডস কাউন্টি’ নামে একটি বিলাসবহুল বেসরকারি লজ। মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ লজটির দোতলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ। দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, লজের দ্বিতীয় তলার ২০১ নম্বর ঘরের বিছানায় প্রথম আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। লজের অন্যান্য ঘরেও দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় আবাসিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে পুলিশ ও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রশাসন সূত্রে খবর, লজে থাকা সমস্ত আবাসিক নিরাপদে রয়েছেন।
অগ্নিকাণ্ডে লজটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি, লজটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
আরও খবর
আগস্টে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু
উল্লেখ্য, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত আগস্টে এখানকার একটি হোটেলে ভোররাতে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় প্রাণ হারান ৯ জন। এর পরে রামপুরহাটের একটি হোটেলের রান্নাঘরেও আগুন লাগার ঘটনা ঘটে। যদিও সেখানে কোনও প্রাণহানি হয়নি।
পরপর এই ধরনের ঘটনার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। নিরাপত্তার ঘাটতি সামনে আসায় কয়েকটি হোটেল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু তার মাস দুয়েকের মধ্যেই ফের একটি বেসরকারি লজে আগুন লাগার ঘটনায় উদ্বেগ বাড়ল। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল ও লজগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


