Chorbagan
Chorbagan

চোরবাগান কাণ্ডে এখনও অধরা ১৬টি সিসিটিভির ফুটেজ!

পুলিশ সূত্রে খবর, চোরবাগান পুজোমণ্ডপ ও সংলগ্ন এলাকার মোট ৩২টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ১৬টি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি ১৬টি ক্যামেরার ফুটেজ এখনও অধরা। তদন্তকারীদের অনুমান, এই ফুটেজগুলি থেকে দুর্ঘটনার আগে ও পরের পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। লালবাজারের বক্তব্য, বাকি ফুটেজ পাওয়া যাচ্ছে না বলে যে দাবি উঠেছে, তা সঠিক নয়। ওই ১৬টি ক্যামেরার রেকর্ডিং একটি ডিভিআরে সংরক্ষিত ছিল। কিন্তু বর্তমানে যন্ত্রটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে সেখান থেকে ফুটেজ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।পুলিশের দাবি, এই ধরনের ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য উদ্ধারের ব্যবস্থা কলকাতা পুলিশের কাছে রয়েছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। দ্রুত সমস্যার সমাধান করে ফুটেজগুলি উদ্ধার করা যাবে বলে আশা তদন্তকারীদের।

গত ১৭ অক্টোবর, সপ্তমীর সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও ২৫ জন। ঘটনার তদন্তে ডিসি ডিডি-র নেতৃত্বে আট সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের স্বার্থে শুরু থেকেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার উপর জোর দিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যে উদ্ধার হওয়া ১৬টি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। তবে বাকি ১৬টি ক্যামেরার ফুটেজ হাতে না আসায় তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ এখনও অসম্পূর্ণ। পুলিশের আশা, বাকি ফুটেজ উদ্ধার করা গেলে পদপিষ্টের আগে মণ্ডপে ভিড়ের পরিস্থিতি, মানুষের চলাচল এবং ঘটনার সময় কী ঘটেছিল, সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।