Covid 19
Bengal Liberty:
দেশের একাধিক রাজ্যে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সেই আবহেই পশ্চিমবঙ্গেও নতুন করে উদ্বেগ বাড়াল দক্ষিণ কলকাতার একটি ঘটনা। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১০ বছরের এক বালকের কোভিড-১৯ (Covid 19) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তাকে আইসিইউর আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা চলছে।

দক্ষিণ কলকাতায় বাড়ছে সংক্রমণ Covid 19
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা ওই শিশুকে শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভোগার পর চিকিৎসকেরা উপসর্গ দেখে কোভিড পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। পরীক্ষায় সার্স-কোভ-২ সংক্রমণ ধরা পড়তেই তাকে দ্রুত আইসোলেশন আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের দাবি, এক্স-রে রিপোর্টে শিশুটির ডান দিকের ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ মিলেছে। ভাইরাসজনিত সংক্রমণের কথা মাথায় রেখে নেবুলাইজেশন-সহ প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা দেওয়া হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিশুটির মাকেও আইসোলেশনে রাখা হয়েছে এবং তাঁরও কোভিড পরীক্ষা করা হবে।

তবে চিকিৎসকদের বক্তব্য, বর্তমানে শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাল সংক্রমণ, জ্বর ও সর্দি-কাশির প্রকোপ রয়েছে। তাই শুধুমাত্র উপসর্গ দেখেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

