Arjun Singh
Bengal Liberty
টোটো চলাচল নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। তিনি জানিয়েছেন, এবার থেকে কোনও এক্সপ্রেসওয়ে বা জাতীয় সড়কে টোটো চলতে দেওয়া হবে না। এই বিষয়ে জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পরিবহণমন্ত্রী বলেন, “আমি কারও রোজগার বন্ধ করতে চাই না। কিন্তু সবকিছুরই একটা নিয়ন্ত্রণ থাকে। বড় রাস্তায় টোটো চালানোর অনুমতি নেই। এ বিষয়ে সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে।

গলির রাস্তায় টোটো চলতেই পারে, কিন্তু মেইন রোড বা এক্সপ্রেসওয়েতে টোটো চললে যানজট ও নিরাপত্তা-সংক্রান্ত নানা সমস্যা তৈরি হয়।” মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ভবিষ্যতে এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে টোটো চলাচল বন্ধ করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

