Bengal Liberty:
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ও দক্ষিণ ২৪ পরগনায় আয়োজিত ‘সেবাশ্রয়’ এবং ‘সেবাশ্রয়-২’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে একটি বিস্তৃত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী ও সমাজকর্মী অভিজিৎ দাস (ববি)। আরটিআই (RTI)-সহ একাধিক নথির ভিত্তিতে জমা দেওয়া ৩১ পাতার এই অভিযোগপত্রে দাবি করা হয়েছে, শিবিরগুলিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একাধিক আইনি, নৈতিক ও পেশাগত বিধি লঙ্ঘন করা হয়েছে।
Abhishek Banerjee

অভিযোগে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি অনুমতি ছাড়াই অস্থায়ী শিবিরে পোর্টেবল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি (USG) পরিষেবা চালানো হয়েছে। পাশাপাশি, বহু প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম বা মেডিক্যাল রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ না থাকায় চিকিৎসার দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীর মতে, এতে রোগীর নিরাপত্তা এবং চিকিৎসা-নৈতিকতা—দুটিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্য শিবিরে চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের বিষয়ে তদন্তের দাবি Abhishek Banarjee
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, কিছু ক্ষেত্রে মেডিক্যাল শিক্ষার্থী ও অননুমোদিত কর্মী পর্যাপ্ত তত্ত্বাবধান ছাড়াই রোগী দেখা এবং প্রেসক্রিপশন তৈরির কাজে যুক্ত ছিলেন। এর পাশাপাশি শিবিরে বিতরণ করা ওষুধের উৎস, ক্রয়প্রক্রিয়া, ব্যাচ নম্বর ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত নথি প্রকাশেরও দাবি জানানো হয়েছে। এমনকি গুরুতর অসুস্থ রোগীদের সরকারি হাসপাতালে স্থানান্তরের সময় যথাযথ ‘রেফারেল’ নথি না থাকায় চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।

Abhishek Banerjee
দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচ (CMOH) ডা. মুক্তিসাধন মাইতি এবং ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডা. জয়ন্ত কুমার সুকুল-সহ একাধিক চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে এই অভিযোগপত্রে। এছাড়া সমস্ত নথি সংরক্ষণ, উপযুক্ত তদন্ত, দোষ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা এবং প্রয়োজনে বিষয়টি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তরেরও আরজি জানানো হয়েছে। উল্লেখ্য, অভিযোগপত্রের তথ্যগুলির সত্যতা যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর।
আরও পড়ুনঃ নিউ টাউনে হকারদের নিয়ে বৈঠকে বসছে NKDA

