Bengal Liberty:
বিধানসভার অন্দরের বিতর্ক যেন কিছুতেই থামছে না। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে ঘিরে শুরু হওয়া রাজনৈতিক টানাপোড়েন এবার নতুন মাত্রা পেল তাঁর লেখা একটি চিঠিকে কেন্দ্র করে। শুক্রবার বিধানসভার অধ্যক্ষের উদ্দেশে লেখা চিঠিতে নিজের বক্তব্য পেশ করার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
Kunal Ghosh
গত বুধবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল ঘোষ। “আমাকে বলতে দেওয়া হচ্ছে না”—এই অভিযোগ তুলে তিনি সরব হন। অভিযোগ, অধ্যক্ষের নির্দেশ অমান্য করে তিনি নিজের বক্তব্য চালিয়ে যেতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তাঁকে সেদিনের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। পরে মার্শাল দিয়ে তাঁকে বিধানসভার বাইরে নিয়ে যাওয়ার ঘটনাও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এরই মধ্যে কুণাল ঘোষের বিরুদ্ধে অধ্যক্ষের আসনের স্বাধিকার ভঙ্গের অভিযোগে নোটিস আনেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়।

কীসের অনুরোধ জানালেন তৃণমূল নেতা? Kunal Ghosh
এই আবহেই শুক্রবার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন কুণাল ঘোষ। চিঠিতে তিনি লিখেছেন, “কেউ কেউ চক্রান্ত করে আমাকে বলতে দিচ্ছে না। আমার নাম গেলেও কেটে দেওয়া হচ্ছে। আমি এর বিরোধিতা করছি। আমি বলতে চাই।” তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁকে বক্তব্য রাখার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

Kunal Ghosh
চিঠির শেষ অংশে অধ্যক্ষের প্রতি আবেদন জানিয়ে তিনি লেখেন, “ওরা বলতে না দিলেও, আপনি অধ্যক্ষ হিসেবে আমায় বলতে দিন।”
কুণাল ঘোষের এই চিঠি সামনে আসার পর বিধানসভার চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন অধ্যক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। এই চিঠির পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ অভিষেকের সেবাশ্রয়’ নিয়ে মেডিক্যাল কাউন্সিলে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

