Education Minister
Bengal Liberty
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে (Education Minister)। শনিবার রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং অবিলম্বে কার্যকরী হবে।

বর্তমানে প্রহ্লাদ যোশী ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এবং নতুন ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। বর্তমানে তাঁর দফতরের গুলোর পাশাপাশি শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও অর্পণ করা হয়েছে।

যোশীর শ্রদ্ধা জ্ঞাপন ধর্মেন্দ্রর উদ্দেশ্যে
রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদের অধীনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৬৪ বছর বয়সী প্রহ্লাদ যোশী ২০০৪ সাল থেকে কর্নাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্রের সাংসদ। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কয়লা, খনি এবং সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পাওয়ার পর এক্স হ্যান্ডেলে ধর্মেন্দ্র প্রধানকে শ্রদ্ধা জানিয়ে প্রহ্লাদ যোশী লেখেন, ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানের আমলেই জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর হয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়িত হয়েছে। প্রহ্লাদ যোশীর বক্তব্য অনুযায়ী, দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সিদ্ধান্ত দেশের উন্নয়নে তাঁর অবদানকে কোনোভাবেই ম্লান করতে পারবে না এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার সুযোগ আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

